তথ্যপ্রযুক্তি
আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আঙ্কুর এআই

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান আঙ্কুর এআই।
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইরেনা) ‘রাইজিং স্টারস ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। কৃষকদের জন্য সৌরশক্তিচালিত মাটি পরীক্ষার যন্ত্র ও এআইভিত্তিক কৃষি পরামর্শব্যবস্থা তৈরির উদ্যোগের জন্য পুরস্কৃত হয়েছে তারা।
প্রতিষ্ঠানটির ‘পরখ’ নামের যন্ত্রটি প্রায় পাঁচ থেকে সাত মিনিটে মাটির ১১টি বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারে। এ ছাড়া ‘অ্যালবাট্রস’ নামের সৌরশক্তিচালিত বহনযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের মাধ্যমে স্থানীয় আবহাওয়ার তথ্য সংগ্রহ করা যায়।
এসব তথ্য কাজে লাগিয়ে কৃষকদের সেচ, সার প্রয়োগ ও ফসলের পরিচর্যা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করাই আঙ্কুর এআইয়ের লক্ষ্য।
এই স্বীকৃতি বাংলাদেশের কৃষিপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
