প্রচ্ছদ / তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি

ওয়ার্ডপ্রেস প্লাগইনের নিরাপত্তা ত্রুটি কাজে লাগাচ্ছে হ্যাকাররা

ওয়ার্ডপ্রেস প্লাগইনের নিরাপত্তা ত্রুটি কাজে লাগাচ্ছে হ্যাকাররা

ওয়ার্ডপ্রেসভিত্তিক ওয়েবসাইটে ব্যবহৃত ব্রিকসফোর্জ প্লাগইনের গুরুতর নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। এ ত্রুটির সুযোগ নিয়ে কোনো ব্যবহারকারী অ্যাকাউন্টে প্রবেশ না করেই ওয়েবসাইটের সার্ভারে ক্ষতিকর ফাইল আপলোড এবং কোড চালানো সম্ভব। ফলে আক্রান্ত ওয়েবসাইটের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্যাচস্ট্যাক গত ৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, প্লাগইনটির নিরাপত্তা ত্রুটি কাজে লাগানোর চেষ্টা তারা শনাক্ত করেছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রথম হামলার চেষ্টা শনাক্ত হয় ৭ অক্টোবর।

প্রতিবেদন অনুযায়ী, এ নিরাপত্তা ত্রুটির কারণে আক্রমণকারীরা বিশেষভাবে তৈরি ফাইল আপলোড করে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এর মাধ্যমে ওয়েবসাইটের তথ্য চুরি, কনটেন্ট পরিবর্তন কিংবা সার্ভারে অননুমোদিত প্রবেশাধিকার প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা ত্রুটিটি ‘সিভিই-২০২৬-৮৫০৯৭’ পরিচিতিতে নথিভুক্ত করা হয়েছে। প্যাচস্ট্যাকের তথ্য অনুযায়ী, ব্রিকসফোর্জ প্লাগইনের ৩.১.৮.৯ এবং এর আগের সংস্করণগুলো এ ত্রুটিতে আক্রান্ত। সমস্যা সমাধানে ৩.১.৮.১০ সংস্করণ প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইট সুরক্ষায় সংশ্লিষ্ট প্লাগইন ব্যবহারকারীদের দ্রুত সর্বশেষ নিরাপদ সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানটি। আপডেট করতে না পারলে বিকল্প নিরাপত্তাব্যবস্থা নিতে এবং প্রয়োজনে হোস্টিং সেবাদাতার সহায়তা নিতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ওয়েবসাইটের প্লাগইন নিয়মিত হালনাগাদ না করলে নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে। তাই শুধু প্লাগইন আপডেট করাই নয়, সন্দেহজনক ফাইল, অননুমোদিত পরিবর্তন এবং সার্ভারের কার্যক্রমও পরীক্ষা করা জরুরি।

সূত্র: প্যাচস্ট্যাক, সিকিউরিটিউইক।