তথ্যপ্রযুক্তি
বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করল গ্যাজেট অ্যান্ড গিয়ার, থাকছে দুই বছরের ওয়ারেন্টি

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। নতুন এই সিরিজের প্রতিটি ডিভাইসের সঙ্গে বিনা মূল্যে শিল্ড+ প্রোটেকশন দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ দুই বছরের ওয়ারেন্টি কাভারেজসহ বিভিন্ন সুবিধা। পাশাপাশি থাকছে ক্যাশব্যাক, কিস্তিতে কেনাকাটা ও ট্রেড-আপ বোনাসের মতো বিশেষ অফার।
রোববার (১১ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৮ সিরিজের ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে নিয়ে আসে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিষ্ঠানটি দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও অনুমোদিত বিক্রেতা হিসেবে পরিচিত। এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে আইফোন ১৮ সিরিজের ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে।
থাকছে দুই বছরের ওয়ারেন্টি
গ্যাজেট অ্যান্ড গিয়ারের ঘোষণা অনুযায়ী, আইফোন ১৮ সিরিজের প্রতিটি ডিভাইসের সঙ্গে বিনা মূল্যে শিল্ড+ প্রোটেকশন দেওয়া হবে। এটি অ্যাপলের প্রচলিত ওয়ারেন্টির সঙ্গে অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি সুবিধা যুক্ত করবে। ফলে মোট ওয়ারেন্টি কাভারেজ হবে দুই বছর।
এ ছাড়া কাভারেজের মেয়াদে একবার সামনের পর্দা এবং একবার পেছনের গ্লাস পরিবর্তনের সুবিধাও থাকছে। শিল্ড+ প্রোটেকশনের আওতায় দুর্ঘটনাজনিত ক্ষতি ও ব্যয়বহুল মেরামতের ক্ষেত্রে সুরক্ষা পাওয়ার সুবিধা রয়েছে।
কেনাকাটায় থাকছে বিশেষ অফার
আইফোন ১৮ সিরিজের উন্মোচন উপলক্ষে ক্রেতাদের জন্য একাধিক অফার ঘোষণা করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। এর মধ্যে রয়েছে কিস্তিতে কেনাকাটায় সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তির সুবিধা এবং পুরোনো ডিভাইস বদলে নতুন ডিভাইস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা ট্রেড-আপ বোনাস।
স্টক থাকা সাপেক্ষে ক্রেতারা বিশেষ উপহার হিসেবে এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ পাবেন। পাশাপাশি বিনা মূল্যে দেওয়া হবে অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াটের অ্যাপল অ্যাডাপ্টার ও স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টর। অফারগুলোর ক্ষেত্রে যোগ্যতা, একাধিক সুবিধা একসঙ্গে গ্রহণের সুযোগ এবং অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।
অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কনটেন্ট নির্মাতা রাকিন আবসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান।
এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিপণন বিভাগের প্রধান তাসরিফ খালেদ বলেন, “গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা সব সময় বিশ্বাস করি, প্রিমিয়াম ডিভাইস কেনার সঙ্গে প্রিমিয়াম ব্যবহারের অভিজ্ঞতাও থাকা উচিত। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের সময় আমাদের ক্রেতাদের বিনা মূল্যে শিল্ড+ দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বর্ধিত ওয়ারেন্টি কাভারেজ, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস পরিবর্তনের সুবিধা একটি প্যাকেজে একত্র করা হয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আত্মবিশ্বাসের সঙ্গে কেনাকাটার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই আমাদের প্রতিশ্রুতি।”
আইফোন ১৮ সিরিজ বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
