খেলাধুলা
প্রতিটি ফুটবল ফেডারেশনকে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব উয়েফা-কনকাকাফের

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২১১টি সদস্য ফেডারেশনকে প্রত্যেককে অন্তত ১ কোটি মার্কিন ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। ২০২৭ থেকে ২০৩০ সালের চক্রে এই অর্থ দিতে হলে মোট ব্যয় হবে প্রায় ২১০ কোটি ডলার। বিদ্যমান উন্নয়ন তহবিলের বাইরে এই অর্থ দেওয়ার প্রস্তাব করেছেন সংস্থা দুটির প্রধানেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি গত ১৮ সেপ্টেম্বর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে এ প্রস্তাব দেন। একই সঙ্গে ফিফার আর্থিক রিজার্ভের ওপর স্বাধীন নিরীক্ষা বা পর্যালোচনারও আহ্বান জানান তাঁরা।
ফিফার রিজার্ভ থেকেই অর্থ দেওয়ার প্রস্তাব
সেফেরিন ও মন্টাগলিয়ানির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ ফিফার আর্থিক রিজার্ভ প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। তাঁদের মতে, এই অর্থের একটি অংশ সদস্য ফেডারেশনগুলোর ফুটবল অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা সম্ভব।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ফেডারেশন ২০২৭–৩০ চক্রে অতিরিক্ত অন্তত ১ কোটি ডলার পাবে। এই অর্থ ফিফার বিদ্যমান ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির আওতায় বরাদ্দ করা অর্থের বাইরে দেওয়া হবে। প্রস্তাবদাতাদের হিসাব বলছে, অর্থ বিতরণের পরও পরবর্তী চক্রে ফিফার রিজার্ভ ১৫০ কোটি ডলারের নিচে নামবে না।
তবে এই হিসাব এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এ কারণে ফিফার আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ ব্যয়ের পূর্বাভাস নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন উয়েফা ও কনকাকাফের প্রধানেরা।
কেন এই প্রস্তাব, বিরোধ কোথায়?
ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের একটি পরিকল্পনা ঘিরে সংস্থাটির সঙ্গে কয়েকটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের মতবিরোধ তৈরি হয়েছিল। ওই পরিকল্পনায় ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় বাণিজ্যিক স্বার্থ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে উন্নয়ন খাতে আরও অর্থ সংগ্রহের কথা ছিল।
তবে পরামর্শের ঘাটতি নিয়ে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনসহ কয়েকটি সংস্থার আপত্তির পর জুলাইয়ে পরিকল্পনাটি পরিত্যক্ত হয়।
উয়েফা ও কনকাকাফের যুক্তি, ফিফার বিদ্যমান আর্থিক সক্ষমতা থেকেই সদস্য ফেডারেশনগুলোকে আরও বেশি অর্থ দেওয়া সম্ভব কি না, তা আগে যাচাই করা উচিত। তাঁদের মতে, ফুটবলের উন্নয়নে অর্থায়নের জন্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বার্থ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা প্রয়োজন কি না, সেটিও পর্যালোচনা করা দরকার।
কী বলছে ফিফা?
প্রস্তাবের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য ফেডারেশনগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার সম্ভাবনা যাচাই করতে আর্থিক পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
রয়টার্সের দেখা ইনফান্তিনোর চিঠি অনুযায়ী, ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সুপারিশ উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। অর্থ বিতরণের পরিমাণ ও সময় নির্ধারণের আগে আর্থিক হিসাব যাচাই এবং আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে।
ইনফান্তিনো বলেছেন, যথাযথ আর্থিক যাচাই, স্বচ্ছতা ও অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ করে যত বেশি অতিরিক্ত অর্থ দায়িত্বশীলভাবে দেওয়া সম্ভব, তিনি তা সমর্থন করবেন। তবে কোনো নির্দিষ্ট অঙ্ককে এখনই অনুমোদিত বরাদ্দ হিসেবে বিবেচনা করা যাবে না।
ফলে ২১১টি সদস্য ফেডারেশনের জন্য প্রস্তাবিত ২১০ কোটি ডলারের অর্থায়ন শেষ পর্যন্ত অনুমোদন পায় কি না, তা নির্ভর করছে ফিফার আর্থিক পর্যালোচনা ও কাউন্সিলের সিদ্ধান্তের ওপর।
সূত্র: রয়টার্স
