প্রচ্ছদ / খেলাধুলা

খেলাধুলা

আমেরিকার ফুটবলে আয়ের রাজা মেসি, পিছিয়ে লেভানডফস্কি-গ্রিজমান

আমেরিকার ফুটবলে আয়ের রাজা মেসি, পিছিয়ে লেভানডফস্কি-গ্রিজমান

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আয়ের দিক থেকে লিওনেল মেসির ধারেকাছে কেউ নেই। লিগের খেলোয়াড়দের সংগঠন নতুন বেতন তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা বছরে ২ কোটি ৮৩ লাখ ডলারের নিশ্চিত পারিশ্রমিক পাচ্ছেন।

এক বছরের ব্যবধানে মেসির আয় বেড়েছে প্রায় ৮০ লাখ ডলার। এই অঙ্ক শুধু ক্লাব থেকে পাওয়া বেতনের। বিজ্ঞাপন ও স্পনসরশিপের আয় এতে ধরা হয়নি। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি আছে মেসির।

তালিকায় মেসির পরে আছেন শিকাগো ফায়ারে খেলা পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি। তাঁর বার্ষিক আয় প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলার, মেসির চেয়ে অনেকটা কম। তিনে অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান, চারে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন।

ক্লাবের হিসাবেও এগিয়ে ইন্টার মায়ামি। খেলোয়াড়দের পেছনে দলটির মোট বেতন খরচ ৫ কোটি ৯৩ লাখ ডলার, লিগের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সবচেয়ে কম খরচ করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন, প্রায় ১ কোটি ২৬ লাখ ডলার।