প্রচ্ছদ / খেলাধুলা

খেলাধুলা

ফ্লাডলাইটে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ

ফ্লাডলাইটে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
সংগৃহীত ছবি

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো একই আয়োজনে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আনভির বসুন্ধরা গ্রুপ (এবিজি)। আগামী ২৫ অক্টোবর শুরু হবে এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট প্রতিযোগিতা। পরদিন ২৬ অক্টোবর মাঠে গড়াবে ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই বিভাগের প্রতিটিতে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটির আনভির ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায়।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দুই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা করে। রানার্সআপ দলের জন্য থাকছে পাঁচ লাখ টাকা করে পুরস্কার। সূচি অনুযায়ী, ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। আর ক্রিকেটের ফাইনাল হবে ১৩ নভেম্বর।

আয়োজকদের লক্ষ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং তরুণদের প্রতিযোগিতামূলক ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত করা। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সংগঠিত ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্রিকেট ও ফুটবল দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে। আগামী ডিসেম্বরে ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলকে একই আয়োজনে এনে প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।