প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে শ্যামাপূজা ও দীপাবলি

সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে শ্যামাপূজা ও দীপাবলি

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর) সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা আয়োজন করা হয়েছে। ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে এ তিথি শেষ হবে। সাধারণত মধ্যরাতে কালীপূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে।

দীপাবলি আলোর উৎসব হিসেবেও পরিচিত। এদিন সন্ধ্যায় অনেকেই বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত বাবা-মা ও স্বজনদের স্মরণ করেন। অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের প্রার্থনায় এ উৎসব পালন করা হয়।

হিন্দু পুরাণ অনুযায়ী, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। শক্তির প্রতীক হিসেবে দেবী কালীর আরাধনা করেন ভক্তরা। বাঙালি ছাড়াও অসমীয় ও ওড়িয়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ তিথিতে কালীপূজা উদ্‌যাপনের প্রচলন রয়েছে।