জাতীয়
সৌদি আরবের দুই রুটে বিমানের ফ্লাইট বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা এবং মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এই শিডিউল আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এছাড়া ঢাকা-মদিনা রুটেও নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচির আপডেট যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
