জাতীয়
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার করার পরিকল্পনা

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টারে রূপান্তর করা হবে। এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও নেওয়া হবে।
স্বাস্থ্য খাতের অন্যান্য পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি মেশিন সংগ্রহ এবং আড়াই হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
