জাতীয়
সৌদি আরবের ৩ রুটে ফ্লাইটের নতুন সূচি ঘোষণা বিমানের

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর ঢাকা থেকে দেশটির তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার নতুন সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে ২২ অক্টোবর থেকে। রিয়াদে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি জেদ্দা রুটেও একাধিক ফ্লাইটের সূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও একাধিক সংবাদমাধ্যম।
বিমানের ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ছেড়ে যাবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।
জেদ্দা রুটে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছাড়বে।
অন্যদিকে, মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটের কার্যক্রম ও সূচি অপরিবর্তিত থাকবে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত নিরাপত্তা পরিস্থিতির কারণে গত কয়েক দিনে বাংলাদেশ থেকে সৌদিগামী বিভিন্ন ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে ঢাকা থেকে ১৩৪টি ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় ২০ হাজার ২৫৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট পরিচালনা ও সূচি-সংক্রান্ত পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
