আন্তর্জাতিক
সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩ বিদেশি
সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৃথক হামলায় তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৃথক হামলায় তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ও বুধবার হওয়া এসব হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করা হয়। এর মধ্যে আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুজন বিদেশি নারী নিহত হন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই হামলায় আহত হন ২৮ জন।
অন্যদিকে, রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলায় সুদানের এক নাগরিক প্রাণ হারান। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ মোট আটজন আহত হয়েছেন। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে বলে জানায় জিএসিএ।
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোট বাহিনী রিয়াদের উত্তরাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া সৌদি রাজধানীতে হামলা চালাতে ইয়েমেনের রাজধানী সানায় ব্যবহৃত একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।

