কলাম
দিবস আসে, সচেতনতা পৌঁছায় না দৌলতদিয়ার যৌনপল্লীতে

এক ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। এইচআইভি সংক্রমণ ও এইডস মহামারি সম্পর্কে সচেতনতা তৈরি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য দূর করা এবং প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। প্রতিবছর দিবসটি ঘিরে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ, আলোচনা সভা, শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। কিন্তু দিবস পালনের আনুষ্ঠানিকতার বাইরে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসাসেবা কতটা পৌঁছাচ্ছে? দেশের বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর বাস্তবতা সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে দেশের বৃহত্তর যৌনপল্লী। রেলওয়ের জায়গা ও ব্যক্তিমালিকানাধীন জমিতে ১৯৮৪ সালে এর বিস্তৃতি ঘটে বলে স্থানীয়ভাবে জানা যায়। তবে এর ইতিহাস আরও পুরোনো। ব্রিটিশ আমল থেকেই গোয়ালন্দ ঘাট রেলস্টেশনের পাশে যৌনপল্লী গড়ে উঠেছিল বলে স্থানীয়দের বর্ণনা। ১৯৮৪ সালে একপর্যায়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর যৌনপল্লীর বড় একটি অংশ দৌলতদিয়া রেলস্টেশনের পাশে স্থানান্তরিত হয়ে গড়ে ওঠে।
বর্তমানে এই যৌনপল্লীতে বিভিন্ন বয়সী এক হাজারের বেশি বিভিন্ন বয়সী যৌনকর্মী বসবাস করেন। তাঁদের পাশাপাশি রয়েছেন বাড়িওয়ালী, আশপাশে বসবাসকারী বয়স্ক যৌনকর্মী এবং যৌনকর্মীদের সন্তানরা। এই বিশাল জনগোষ্ঠীর জীবনে স্বাস্থ্যসেবা, সচেতনতা, নিরাপত্তা ও মৌলিক অধিকার এখনো বড় চ্যালেঞ্জ।
যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি), পায়াক্ট বাংলাদেশ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, মুক্তি মহিলা সমিতি ও শাপলা মহিলা সংস্থার তথ্য অনুযায়ী, দৌলতদিয়া যৌনপল্লীতে এক হাজারের বেশি বিভিন্ন বয়সী যৌনকর্মী রয়েছেন। ২৮৮ জন বাড়িওয়ালী এবং আশপাশের এলাকায় বসবাসকারী বয়স্ক যৌনকর্মীর সংখ্যা প্রায় ৩০০। যৌনকর্মীদের ঘরে জন্ম নেওয়া বিভিন্ন বয়সী সন্তানের সংখ্যা সাড়ে ৬০০-এর বেশি।
এত বড় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব নয়। এটি রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থারও গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেন দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসকারী অনেক নারী।
দারিদ্র্য, পাচার ও অধিকারবঞ্চিত জীবন :
সামাজিক সংগঠন 'অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা' সম্প্রতি দৌলতদিয়া বসবাসকারী ৩০০ যৌনকর্মীকে নিয়ে একটি জরিপ করেন। সেই জরিপে দেখা যায়, অংশ নেওয়া ৯০ শতাংশ নারী তাঁদের বাবা-মায়ের সংসারে দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেন। অভাব-অনটন, জীবিকার সন্ধান ও নানা প্রতিকূলতার মধ্যে কাজের উদ্দেশ্যে এসে অনেকেই পাচারের শিকার হয়ে যৌনপল্লীতে আশ্রয় নিয়েছেন। তাঁদের অধিকাংশই গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছেন এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
শিক্ষার অভাব, দারিদ্র্য, সামাজিক অবহেলা ও দীর্ঘদিনের বঞ্চনা তাঁদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ সীমিত করেছে। স্বাস্থ্যসেবা কোথায় পাওয়া যায়, কোন রোগের কী লক্ষণ, কখন পরীক্ষা করা প্রয়োজন কিংবা সংক্রমণ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, এসব বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই।
দৌলতদিয়া বসবাসকারী যৌনকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষ দৌলতদিয়া যৌনপল্লীতে আসেন। যৌনকর্মীদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেন। কিন্তু যৌনসম্পর্কের মাধ্যমে সংক্রমিত হতে পারে এমন রোগের ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে যৌনকর্মীদের বড় একটি অংশের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। ফলে শুধু যৌনপল্লীর নারীরাই নয়, বৃহত্তর জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়তে পারে।
পরীক্ষা ও চিকিৎসাসেবায় সীমিত উদ্যোগ :
দৌলতদিয়া যৌনপল্লীতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণস্বাস্থ্য কেন্দ্র, পায়াক্ট বাংলাদেশ, পিএসটিসি, শাপলা মহিলা সংস্থা, মুক্তি মহিলা সমিতি ও অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সহ কয়েকটি সামাজিক ও বেসরকারি সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করছে। তাদের উদ্যোগে বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে জনসংখ্যার তুলনায় এসব উদ্যোগ পর্যাপ্ত নয়। আবার বিদেশি ও দাতা সংস্থার অনুদান বা প্রজেক্ট না থাকায় মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চলমান রাখতে পারে না সংগঠন গুলো।
খোঁজ নিয়ে জানা যায়, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালনায় পার্টনারস ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) প্রকল্পের বাস্তবায়নে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় গত ২৮ অক্টোবর যৌনকর্মীদের বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে যৌনপল্লীর এক হাজারের বেশি যৌনকর্মীকে এ পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিনামূল্যে এইচআইভি ও হেপাটাইটিস সি (এইচসিভি) স্ক্রিনিং এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগ যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হলেও বৃহত্তর যৌনপল্লীর সব নারীকে নিয়মিত ও সমন্বিত স্বাস্থ্যসেবার আওতায় আনা এখনো বড় চ্যালেঞ্জ।
এইচআইভি পরীক্ষায় দীর্ঘ বিরতি, উদ্বেগ বাড়ছে :
দৌলতদিয়া যৌনপল্লীতে এইচআইভি সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রালয়ের অধীন এসটিআই/এইডস প্রতিরোধ প্রকল্পটি ২০২০ সালে জুন মাসে শুরু হয়ে ২০২২ সালের মে মাস পর্যন্ত চলমান ছিল। সীমিত আকারে সামাজিক সংগঠন গুলোর কিছু কার্যক্রম চলমান থাকলেও তা অপ্রতুল।
এরপর ২০২২ সাল থেকে যৌনকর্মীদের নিয়মিত ও বৃহৎ পরিসরে এইচআইভি পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়নি বলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সূত্রে জানা যায়।
দৌলতদিয়া যৌনপল্লীতে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা সামাজিক সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে তিনজন নারী এইচআইভি পজিটিভ। তাঁদের মধ্যে একজন অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালনায় পিএইচডি প্রকল্পের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুজনের অবস্থান বর্তমানে জানা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই তথ্য উদ্বেগজনক হলেও এর ভিত্তিতে পুরো যৌনপল্লীর সংক্রমণের হার নির্ধারণ করা সম্ভব নয়। কারণ দীর্ঘদিন ধরে সবার পরীক্ষা না হওয়ায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য নেই যৌনকর্মীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন গুলোর কাছে। এইচআইভি সংক্রমণ শনাক্ত করা, চিকিৎসার আওতায় আনা এবং নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা না হলে সংক্রমিত ব্যক্তিরা নিজের অবস্থা জানতে পারেন না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ ও সংক্রমণ প্রতিরোধের উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।
দিবসের কর্মসূচি নয়, প্রয়োজন ধারাবাহিক উদ্যোগ :
প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসকে কেন্দ্র করে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলেও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত এইচআইভি ও অন্যান্য যৌনবাহিত সংক্রমণের পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা, জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং, হেপাটাইটিস পরীক্ষা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।পাশাপাশি যৌনকর্মীদের সঙ্গে সম্মানজনক আচরণ, গোপনীয়তা রক্ষা, বৈষম্যহীন চিকিৎসা এবং সহজে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি করতে হবে। তাঁদের শুধু স্বাস্থ্যসেবার গ্রহীতা হিসেবে নয়, সচেতনতা তৈরির অংশীদার হিসেবেও যুক্ত করা প্রয়োজন। দলীয় আলোচনা, ব্যক্তিগত কাউন্সেলিং, সহকর্মীদের মাধ্যমে সচেতনতা এবং সহজ ভাষায় স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রচার কার্যকর ভূমিকা রাখতে পারে।
অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন জানান, এইডস প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। দৌলতদিয়ার মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে প্রতিদিন স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছাতে হবে। সংক্রমণ প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ও কর্মসূচি তখনই বাস্তব অর্থ পাবে, যখন সচেতনতার আলো পৌঁছাবে সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের ঘরেও।
গোয়ালন্দ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান জানান, দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত নারীরা নানা প্রকার স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের অনেকের মধ্যে স্বাস্থ্যসেবা গ্রহণ ও চিকিৎসকের কাছে যাওয়ার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হন না। এ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও বেসরকারি সংগঠনগুলোকে আরও বেশি করে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার, পরামর্শ ও সেবামূলক উদ্যোগ নেওয়া জরুরি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম সফিকুজ্জামান বলেন, দৌলতদিয়া যৌনপল্লী ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণস্বাস্থ্য কেন্দ্র আবারও হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করবে। তবে আমাদের উদ্যোগ শুধু চিকিৎসাসেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানকার শিশুদের শিক্ষা, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যও রয়েছে। আমরা চাই, যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুরা বেড়ে উঠে দক্ষ জনশক্তিতে পরিণত হোক, নিজেদের যোগ্যতায় সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত হোক এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।
লেখক: প্রকল্প ম্যানেজার, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা
