তথ্যপ্রযুক্তি
নোড জেএসের প্রতিদ্বন্দ্বী ডেনোর পুরো দল ক্লাউডফ্লেয়ারে, ওয়েব ডেভেলপমেন্টে কী প্রভাব?

ওয়েব ডেভেলপমেন্টের পরিচিত প্রযুক্তি ডেনোর পুরো দল ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে যোগ দিচ্ছে। এর মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও পরিচালনার প্রযুক্তি আরও সহজ করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। গত ৯ অক্টোবর এ বিষয়ে ঘোষণা দেয় ডেনো ও ক্লাউডফ্লেয়ার।
ডেনো মূলত জাভাস্ক্রিপ্ট ও টাইপস্ক্রিপ্টভিত্তিক একটি রানটাইম, যার মাধ্যমে ওয়েব ব্রাউজারের বাইরেও কোড চালানো যায়। একই ধরনের কাজে বহুল ব্যবহৃত আরেকটি প্রযুক্তি নোড জেএস। ডেনোর প্রতিষ্ঠাতা রায়ান ডালও নোড জেএসের সহপ্রতিষ্ঠাতা ছিলেন।
ডেনো তৈরির অন্যতম উদ্দেশ্য ছিল নিরাপত্তা, আধুনিক প্রোগ্রামিং সুবিধা ও উন্নয়নপ্রক্রিয়া সহজ করা। অন্যদিকে, ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটের নিরাপত্তা, দ্রুত তথ্য সরবরাহ এবং ক্লাউডভিত্তিক কম্পিউটিং সেবা দিয়ে থাকে।
ডেভেলপারদের জন্য কী পরিবর্তন আসতে পারে?
ক্লাউডফ্লেয়ারের পরিকল্পনা হলো, ডেনোর প্রযুক্তি ও অভিজ্ঞতাকে নিজেদের বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত করা। এর মধ্যে রয়েছে ওয়ার্কার্স ও ডিউরেবল অবজেক্টসের মতো প্রযুক্তি, যেগুলোর মাধ্যমে ডেভেলপাররা প্রচলিত সার্ভার পরিচালনার জটিলতা কমিয়ে অ্যাপ্লিকেশন তৈরি ও চালাতে পারেন।
এ উদ্যোগের ফলে সফটওয়্যার তৈরি, তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন সেবার মধ্যে যোগাযোগের কাজ আরও সহজ হতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ও স্বয়ংক্রিয় এজেন্ট তৈরির ক্ষেত্রে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ।
ডেনোর সেবায় কী পরিবর্তন আসছে?
ডেনোর ঘোষণায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের রানটাইমের নিরাপত্তা হালনাগাদ ও ত্রুটি সংশোধনের কাজ আরও এক বছর চালিয়ে যাবে। এরপর তারা নিজস্ব রানটাইমের উন্নয়ন বন্ধ করবে। তবে ডেনো ওপেন সোর্স সফটওয়্যার হিসেবেই থাকবে, ফলে অন্য ডেভেলপাররা চাইলে এর উন্নয়ন চালিয়ে যেতে পারবেন।
এ ছাড়া ডেনো ডিপ্লয় নামের সেবাটি আরও ছয় মাস চালু থাকবে। এরপর এটি বন্ধ করা হবে। অর্থের বিনিময়ে সেবাটি ব্যবহার করা গ্রাহকদের ক্লাউডফ্লেয়ারের ওয়ার্কার্সে স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে, ডেনোর প্যাকেজ রেজিস্ট্রি জেএসআর চালু থাকবে। এর অবকাঠামো ক্লাউডফ্লেয়ারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়েব প্রযুক্তির ভবিষ্যতে কী প্রভাব পড়বে?
ডেনোর পুরো দলের ক্লাউডফ্লেয়ারে যোগ দেওয়ার ঘটনা ওয়েব ডেভেলপমেন্টের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে। এতে সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও পরিচালনার বিভিন্ন ধাপ একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে।
তবে নতুন ব্যবস্থাটি কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে বিদ্যমান অ্যাপ্লিকেশনের সঙ্গে সামঞ্জস্য, ব্যবহারের সহজতা এবং ডেভেলপারদের গ্রহণযোগ্যতার ওপর।
