প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

শিশুদের মেধা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিতে পারলে দেশের ভিত্তি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬

শিশুদের মেধা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিতে পারলে দেশের ভিত্তি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই শিশুদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বড়দের চেয়ে ছোটদের কথা শোনার ওপর জোর দেন সরকারপ্রধান। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, শিশু একাডেমির সূচনার দিনগুলোতে তিনি নিজেও সেখানে এসেছিলেন এবং একসময় শিশু ম্যাগাজিনে তার ও তার ভাইয়ের লেখা প্রকাশিত হয়েছিলো। শিশুদের শুধু পাঠ্যবইয়ে আটকে না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সংগীতচর্চার সুযোগ দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, আমি তোমাদের কাছে পড়ার কথা বলব না। তোমাদের আজকে বলব তোমাদের খেলাধুলা করতে হবে।

শিশুদের প্রতিভা বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায় থেকে ২২ লাখ শিশু ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সিলেট থেকে শুরু করে ঢাকার আর্মি স্টেডিয়াম পর্যন্ত এসব প্রতিযোগিতা শিশুদের খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ করে তুলবে। এছাড়া ২০২৭ বা ২০২৮ সাল থেকে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবেই পছন্দ অনুযায়ী গান, বাদ্যযন্ত্র বা খেলাধুলার বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবে বলে জানান তিনি।

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিজ ভাষা শেখার পরিকল্পনাও সরকারের রয়েছে। সবকিছুর ঊর্ধ্বে শিশুদের মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে। এই দেশের প্রকৃতি, এই দেশের পশুপাখির প্রতিও তাদের দরদী ও মানবিক হতে হবে। এশিয়া পোস্টের খবর।