প্রচ্ছদ / বিনোদন

বিনোদন

অভিনয় ছেড়ে কার্গিল যুদ্ধে নানার ৬০ দিন

বলিউডের জনপ্রিয় অভিনেতা নান পাটেকর শুধু পর্দায়ই সেনা চরিত্রে অভিনয় করেননি, বাস্তব জীবনেও একসময় সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সময় কাটিয়েছেন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়

নানা পাটেকর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নান পাটেকর শুধু পর্দায়ই সেনা চরিত্রে অভিনয় করেননি, বাস্তব জীবনেও একসময় সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সময় কাটিয়েছেন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় অভিনয়ের ব্যস্ত ক্যারিয়ার থামিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।

নানা পাটেকর ১৯৮০-এর দশকের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। ১৯৯১ সালের ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমায় সেনা কমান্ডোর চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রায় তিন বছর কঠোর সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে সেই প্রশিক্ষণের সময় থেকেই সেনাবাহিনীর প্রতি তাঁর আগ্রহ ও ঘনিষ্ঠতা তৈরি হয়।

এরপর ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান কার্গিল যুদ্ধ শুরু হলে সেনাবাহিনীর সঙ্গে সরাসরি কাজ করার ইচ্ছা প্রকাশ করেন নানা। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি চান। তাঁকে জানানো হয়, এ ধরনের অনুমতি দেওয়ার ক্ষমতা কেবল প্রতিরক্ষামন্ত্রীর।

পরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের কাছে আবেদন করেন নানা। নিজের শুটিং দক্ষতা এবং আগে পাওয়া একটি পদকের কথাও তাঁকে জানান। অনুমতি পাওয়ার পর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে সিনেমার কাজ থামিয়ে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন টিমের সঙ্গে যোগ দেন তিনি।

প্রায় ৬০ দিন সেনাদের সঙ্গে কাটান নানা পাটেকর। এ সময় তিনি শ্রীনগর, দ্রাস ও লেহ এলাকায় ছিলেন। দুর্গম পাহাড়ি এলাকায় সেনাদের কঠিন জীবনও কাছ থেকে দেখেন তিনি।

পরে বিভিন্ন সাক্ষাৎকারে নানা বলেছিলেন, কার্গিলের উঁচু পাহাড়ে প্রতিকূল পরিবেশে সেনাদের দায়িত্ব পালন কতটা কঠিন, তা সেখানে গিয়ে তিনি আরও ভালোভাবে বুঝতে পেরেছিলেন। সেনাদের সঙ্গে থাকার সময় তাঁর ওজনও প্রায় ২০ কেজি কমে যায়। তিনি জানিয়েছিলেন, সেখানে যাওয়ার সময় তাঁর ওজন ছিল প্রায় ৭৬ কেজি; ফিরে আসার সময় তা নেমে আসে ৫৬ কেজিতে।

অভিনেতা হিসেবে নানা পাটেকরের দীর্ঘ ক্যারিয়ারে সেনা চরিত্রের প্রতি তাঁর আলাদা টান ছিল। তবে কার্গিল যুদ্ধের সময় পর্দার সেই চরিত্রের বাইরে গিয়ে বাস্তব সেনাদের সঙ্গে থাকার সিদ্ধান্তই তাঁকে অন্যভাবে পরিচিত করে তোলে।

বৃহস্পতিবার গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান নানা পাটেকর। তাঁর মৃত্যুর পর আবারও আলোচনায় এসেছে অভিনয়ের বাইরে তাঁর এই সামরিক জীবনের অধ্যায়।